সোনাহাট স্থলবন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে দীর্ঘদিন ধরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
আটকের সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা।
জানা যায় তিনি দীর্ঘদিন ধরে গোপনে ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ভূরুঙ্গামারী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






















