মাদক কারবারের অভিযোগে অভিযান, পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ যুবক আটক
পঞ্চগড় সদর উপজেলায় ২১৮ পিস ইয়াবাসহ সাদেকুল ইসলাম সুমন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি স্মার্টফোন, কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করে।
জব্দকৃত ২১৮ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৮৭ হাজার ২০০ টাকা। এছাড়া প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল ও ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আটক সাদেকুল ইসলাম সুমন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। তিনি কমলাপুর বাজারে একটি অনলাইন ব্যবসা পরিচালনার পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। তল্লাশির সময় তার কাছ থেকে ২১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মাদক, মোটরসাইকেল ও অন্যান্য আলামত জব্দ করে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী দাবি করেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, “আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।”






















