৭ ম্যাচে ৯ গোল, বাংলাদেশের জাতীয় দলে ডাক পেলেন ইংল্যান্ডের মাহি খান
বাংলাদেশ ফুটবলে স্ট্রাইকার সংকট নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলস্কোরারের অভাব ভোগাচ্ছে জাতীয় দলকে। অন্তত গত আট বছর ধরে এই সমস্যা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর সেই সংকট সমাধানে মরিয়া হয়ে উঠেছেন। এরই অংশ হিসেবে এবার সাফের দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নিম্ন বিভাগের ফুটবলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার মাহি খান।
ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে খেলছেন মাহি। চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন নয়টি গোল। ইংল্যান্ডেই জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের উচ্চতাও বাড়তি সুবিধা দিতে পারে বাংলাদেশ দলকে। ১ দশমিক ৮৩ মিটার উচ্চতার মাহি ক্রস থেকে দলের কার্যকর ‘টার্গেটম্যান’ হয়ে উঠতে পারেন।
তবে শুধু আক্রমণের কেন্দ্রেই সীমাবদ্ধ নন মাহি। মূলত স্ট্রাইকার হিসেবে খেললেও দুই উইংয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ফলে আক্রমণভাগে একাধিক পজিশনে তাকে ব্যবহার করার সুযোগ পাবেন কোচ ডুলি।
মাহির ফুটবলজীবনের শুরু কেটারিং টাউনের যুব দলে। সেখানে সাত বছর কাটানোর পর ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইয়াম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় তার। বর্তমানে তিনি মল্টন এফসির হয়ে খেলছেন। দলটি ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে অংশ নেয়, যা ইংলিশ ফুটবলের নবম স্তরের লিগ।
বাংলাদেশের জার্সিতে অবশ্য মাহির অভিষেক এবারই নয়। গত আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনো জাতীয় দলের হয়ে গোলের দেখা পাননি।
তবুও মাহিকে জাতীয় দলে কেন ডাকা হলো—এমন প্রশ্নের জবাবে কোচ থমাস ডুলি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
ডুলি বলেন, ‘এখনই তাকে দলে নেওয়া অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো। আমরা বিশ্বাস করি, আমাদের যে কাজটি দরকার, সে হয়তো তা করতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি এমনই।’
ডুলির বক্তব্যেই স্পষ্ট, বাংলাদেশের দীর্ঘদিনের স্ট্রাইকার সংকট কাটাতে তিনি নতুন বিকল্প খুঁজতে মরিয়া। সেই ভাবনা থেকেই মাহি খানকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের নবম স্তরের লিগে সাত ম্যাচে নয় গোল করা এই তরুণ স্ট্রাইকার এবার জাতীয় দলের আস্থার প্রতিদান দিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
























