বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের তিনজন
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিনজন। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় বাংলাদেশের অন্য দুজন হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও প্রভাব রয়েছে—এমন মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতৃত্ব দেওয়া এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ড. হামিদা হোসেনের মানবাধিকার প্রতিষ্ঠা, নারী অধিকার সংরক্ষণ ও নির্যাতিত নারীদের পুনর্বাসনে দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং মানবিক কার্যক্রমের জন্য রাজিয়া সুলতানার অবদানও স্বীকৃতি পেয়েছে।
এবারের প্রকাশনায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ড. হুসাম আবু সাফিয়া। অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি।
বিশ্বজুড়ে মুসলিম ব্যক্তিত্বদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, মানবিক ও সাংস্কৃতিক অবদান বিবেচনায় তৈরি করা হয় ‘দ্য মুসলিম ৫০০’ তালিকা। এতে বাংলাদেশের তিনজনের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিসরে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে প্রভাব ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।



























