সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে বৃদ্ধা মায়ের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান শামীমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার আঞ্জুমান আরা (৬৮) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আঞ্জুমান আরার নামে থাকা কিছু জমি-সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন ছেলে আসাদুজ্জামান শামীম। কিন্তু বৃদ্ধা মা সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে গত ৭ জুন তিনি ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এরপর গত ১৪ জুন ধারালো চাকু দিয়ে মায়ের ডান পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়টি ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নওগাঁর পুলিশ সুপারের নজরে আনলে অভিযুক্তকে আইনের আওতায় আনতে জেলা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে অভিযান চালায় ধামইরহাট থানা পুলিশ। এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পিতা-মাতার প্রতি নির্যাতন বা হামলার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
ধামইরহাট থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।























