মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি, সুস্থ প্রজন্ম গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব এবং শিশুর সুস্থ বিকাশে এর অপরিহার্য ভূমিকা তুলে ধরা হয়।
রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ দীপ সাহা। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম এবং সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু। এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নবজাতকের জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো তার সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ছয় মাস পর থেকে পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, মাতৃদুগ্ধই নিশ্চিত করা গেলে শিশু অপুষ্টি হ্রাসের পাশাপাশি একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।




















