ইয়েমেনে হুথি হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত
ইয়েমেনের হাদরামাউত ও মারিব প্রদেশে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
কর্মকর্তারা জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মারিব ও হাদরামাউত প্রদেশে এই হামলা চালানো হয়।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো হামলায় ‘শত শত’ মানুষ হতাহত হয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে কোনো যাচাই পাওয়া যায়নি।
ইয়েমেনি সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করেছে। তাদের ভাষ্য, হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হুথিরা মারিবের উত্তরে আল-জাওফ প্রদেশ থেকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় হাদরামাউতের আল-থিনিয়া ও আল-আবর এবং মারিবের আল-রুক এলাকার সামরিক অবস্থান লক্ষ্যবস্তু করা হয়।
চার বছর ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে।
এদিকে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে এবং দেশটির সঙ্গে সম্পৃক্ত জাহাজেও হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করলেও এখন পর্যন্ত হুথিদের সম্পূর্ণভাবে পরাজিত করতে পারেনি।
সূত্র: আল-জাজিরা।


























