গাজায় ফিরলেন ২৪ ফিলিস্তিনি বন্দি, যুদ্ধবিরতিতে মুক্তির সংখ্যা ৬৩৬
দখলদার ইসরায়েল গাজা থেকে আটক আরও ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) তাদের গাজায় ফিরিয়ে আনতে সহায়তা করেছে।
আইসিআরসি জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিং হয়ে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তরা গাজার বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন প্রবীণ ব্যক্তিও রয়েছেন।
এই মুক্তির মধ্য দিয়ে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজায় ফিরে আসা ফিলিস্তিনি বন্দির সংখ্যা বেড়ে ৬৩৬ জনে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ফিলিস্তিনিদের ব্যাপকভাবে আটক অভিযান শুরু করে। গাজা যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময় শুধু পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকেই ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হয়। তাদের অনেকের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগও উঠেছে।
বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ধাপে ধাপে এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
























