জাতীয় দলের কোচ হতে এক সপ্তাহে আড়াইশ’র বেশি আবেদন
গত ৯ এপ্রিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ২৫০টিরও বেশি আবেদন জমা পড়েছে। যা বেশ আশাব্যঞ্জক বলে মনে করছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
হামজা-সামিতদের দায়িত্ব নিতে আবেদন করেছেন হাই-প্রোফাইল কোচরা। যা আগে কখনও দেখা যায়নি। এবার ফুটবল বিশ্বকাপে নাম লেখানো এল সালভাদরের এক সময়ের হেড কোচ ডেভিড ডোনিগার আবেদন করেছেন বলে জানা যায়।
এছাড়া আবেদন করেছেন ভারত ও ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগর স্টিমাচ। তার সময়ে দুটি সাফ জিতেছে ভারত। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন এবার ফুটবল বিশ্বকাপে নাম লেখানো এল সালভাদরের এক সময়ের হেড কোচ ডেভিড ডোনিগার।
ফরাসি ক্লাব নিস ও পিএসজির নারী দলের সাবেক কোচ দিদিয়ের ওলের কাছ থেকেও সিভি পেয়েছে বাফুফে। আবেদনকারীদের মধ্যে আরও আছেন গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া ও মিয়ানমার জাতীয় দলে কাজ করা জার্মানির অ্যান্টেইন হেই।
বাংলাদেশ দলের কোচ হতে চেয়ে এত আবেদন দেখে বেশ অবাক ফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) আমি খোঁজ নিয়েছি যে কয়টা আবেদন পড়েছে এবং আপনারা জেনে খুশি হবেন এটা অবিশ্বাস্য; ২৫০ এর অধিক আবেদন পড়েছে। আমি মনে করি এটাও কিন্তু ফুটবলের একটা অনেক বড় অর্জন; যে আমাদের জাতীয় দলের জন্য এত লোক আবেদন করেছে। আমাদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক।’
কোচ বাছাইয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজে সাক্ষাৎকার নেবেন জানিয়েছে ফাহাদ করিম বলেন, ‘২৫০ থেকে খুব সম্ভবত ৫০ জনের একটা পুল করা হবে। তারপর অবশ্যই আমাদের সভাপতি নিজে সাক্ষাৎ নেবেন। কারণ এই পর্যায়ে সাক্ষাৎকার তিনি নিজে নেন।’
























