আসামে ফের ভয়াবহ বন্যা, মৃত্যু ৯৮
জুলাইয়ের শেষ দিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগস্টের শুরু থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ফের অবনতি হয়েছে পরিস্থিতির। রাজ্যটির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এএসডিএমএর তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ৩৫ জেলার মধ্যে ১৩টি জেলার ৪৬৪টি গ্রামে বন্যায় ভোগান্তিতে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন। বন্যাকবলিত জেলাগুলো হলো—শিবসাগর, গোলাঘাট, নগাঁও, হোজাই, সোনিতপুর, ধেমাজি, দারাং, বিশ্বনাথ, কামরূপ (মেট্রোপলিটন), লখিমপুর, উদালগুড়ি, জোরহাট ও চরাইদেও।
এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর। সেখানে বন্যায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৫০ জন। এরপর রয়েছে গোলাঘাটে ৪৮ হাজার ২৮৬, জোরহাটে ২৫ হাজার ২৫৯, চরাইদেওতে ১২ হাজার ৭৭৯, দারাংয়ে ৩ হাজার ৩৬৭ এবং ধেমাজিতে ১ হাজার ২৬৫ জন।
বন্যায় ১৩ জেলার ১০ হাজার ৭৪৮ দশমিক ৬৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। একই সঙ্গে ভেসে গেছে ৪৭ হাজার ৮০৯টি গবাদিপশু।
এএসডিএমএর তথ্য বলছে, বন্যাকবলিত এলাকাগুলোতে ১২৬টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ৩৪৪টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য ১৩ জেলায় ৭৩টি ত্রাণশিবির খোলা হয়েছে। বর্তমানে এসব শিবিরে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৩২৬ জন।
দুর্গম বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে। রাজ্য সরকারের উদ্ধারকারী বাহিনী এসডিআরএফের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আসামের নদনদীর পানি বেড়ে যাওয়ায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে রাজ্যের ১৬টি জেলায় বন্যা শুরু হয়। এরই মধ্যে তিনটি জেলার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
সূত্র: গালফ নিউজ, ইন্ডিয়া টুডে



























