নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৫, মদ তৈরির আস্তানা ধ্বংস
জনগণের কাছ থেকে পুলিশ সুপারকে দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করে মদ তৈরির আস্তানা ধ্বংস করা হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), পিতা- মৃত জগেন ভূইয়া।
২. সুমন ভূইয়া (২৮), পিতা- মৃত জগেন ভূইয়া।
৩. অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), পিতা- মৃত জিতেন চন্দ্র ভূইয়া।
৪. মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫), পিতা- মৃত সুভাষ চন্দ্র।
৫. জয়ন্ত ভুঁইয়া (২০), পিতা- সহিত ভূইয়া।
তারা সবাই নওগাঁ সদর থানাধীন পাইকপাড়া (দফতরীপাড়া), কোচগাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় ১,০২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয় এবং ঘটনাস্থলে থাকা মদ তৈরির আস্তানা/কারখানা ধ্বংস করা হয়।
গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনগণের সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
























