রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৭৪ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১১৫ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৫২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষরসংবলিত ৪১টি সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড উদ্ধার করা হয়েছে।
এছাড়া অভিযানে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশনও জব্দ করা হয়েছে।
এডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






















