রাজধানীতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’
রাজধানীতে আগামী মঙ্গলবার থেকে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। এ বাসে শুধু নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনের পর নির্ধারিত রুটে ‘মহিলা বাস’গুলো নিয়মিত চলাচল করবে।

























