তারাগঞ্জে পদ্মফুল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ
বিলের পাড়ে পদ্মফুল দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নেওয়ার অভিযোগ। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ভুক্তভোগী
রংপুরের তারাগঞ্জে ফুসলিয়ে বিলের পাড়ে নিয়ে ৬ বছরের এক শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাড়াতো চাচার বিরুদ্ধে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক বিকেল সারে ৫টার দিকে। উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ‘হাতগোপার বিল’ এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শামিনুর (২২), সে একই গ্রামের শাহজামাল আলী (গ্যাদা) ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় রফিকুল ইসলাম রবির মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী চাচা শামিনুর বিলে ফোটা পদ্মফুল এনে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নির্জন হাতগোপার বিলের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন শেষে ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত শামিনুর।
ঘটনার পর শিশুটি মারাত্মক যন্ত্রণায় হাঁটতে না পেরে কেঁদে কেঁদে বাড়ি ফেরে। শারীরিকভাবে বিষণ্ন ও ব্যথায় কাতরাতে দেখে তার মা জানতে চাইলে শিশুটি পুরো ঘটনার বিবরণ দেয়। খবর পেয়ে শিশুটির বাবা দ্রুত বাড়ি ফিরে তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে তারাগঞ্জ থানা পুলিশের পরামর্শে পরিবারটি শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করায়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত ও আসামির গ্রেপ্তারের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু জানানো যাচ্ছে না।


























